হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস ও সাইনোভিয়াল ফ্লুইডের বৈশিষ্ট্য নিয়ে গবেষণার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন চিকিৎসক ও গবেষক ডা. মো. আলমাহির ফেরদৌস। গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর এমফিল ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
তাঁর গবেষণার বিষয় ছিল “বাংলাদেশে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের তীব্রতার সঙ্গে সাইনোভিয়াল ফ্লুইডের বৈশিষ্ট্যের সম্পর্ক”। গবেষণায় হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত রোগীদের সাইনোভিয়াল ফ্লুইডের কোষীয়, জৈবরাসায়নিক ও প্রদাহজনিত পরিবর্তন এবং বয়স, লিঙ্গ ও ডায়াবেটিসের সঙ্গে এর সম্পর্ক বিশ্লেষণ করা হয়। এতে মোট ২২০ জন রোগীর তথ্য ও সাইনোভিয়াল ফ্লুইড বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. ফারুক মিয়া এবং সহ-তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেন।
ডা. মো. আলমাহির ফেরদৌস এমবিবিএস, পিজি ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স (যুক্তরাজ্য), ফেলোশিপ ইন স্টেম সেল অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন (ভারত) এবং এফআরএসবিএইচ, এফআরএসএইচ (লন্ডন)-সহ বিভিন্ন উচ্চতর পেশাগত যোগ্যতা অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর স্টেম সেল রিসার্চ (আইএসএসসিআর)-এর সদস্য। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি অর্থোপেডিক্স, পুনর্বাসন ও পুনর্জননমূলক চিকিৎসা বিষয়ে কাজ ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।